রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হওয়া প্রয়োজন। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ পরামর্শ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রথমত, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।
দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎ শেষে শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন তারেক রহমান।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তাঁরা সংসদ গ্রন্থাগার পরিদর্শনের পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।