• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য গবেষণা, বিজ্ঞান ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান; স্বাস্থ্য খাতে পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ সরকারের

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ণ
সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিতে হবে: ডা. জুবাইদা রহমান
সংবাদটি শেয়ার করুন....

সুস্থ ও সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তিনি বলেছেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগ ও গবেষণার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বছরের পর বছর স্বাস্থ্য খাতে অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথভাবে উৎসাহিত হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল।

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, বিপুল জনসংখ্যার বাংলাদেশকে সুস্থ-সবল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত ও নিরলস প্রচেষ্টা প্রয়োজন। এ সময় আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার তরুণদের এসব ক্ষেত্রে কাজ করতে উৎসাহিত করছে। দেশের স্বাস্থ্য সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান ও প্রতিরোধে আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। নিজেদের সমস্যা নিয়ে গবেষণার মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব।

এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা বলেন, গবেষণার কাজে ধীরগতি অনেক সময় হতাশার কারণ হতে পারে। তবে তাদের গর্বিত হওয়া উচিত, কারণ তাদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আইডিইএসএইচআই আগামী দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে, যেখানে রোগ প্রতিরোধ, গুরুতর হওয়ার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার পাঁচটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার ভিত্তি শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তির প্রসার, দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা: আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। আইডিইএসএইচআইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান প্রতিষ্ঠানের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল—থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার। এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।