• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর থেকে আংশিক চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা; পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর প্রস্তুতি অব্যাহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ণ
১৬ ডিসেম্বর থেকে আংশিক চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
সংবাদটি শেয়ার করুন....

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। শুরুতে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় টার্মিনালের কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনেরা প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল কার্যকর করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টার ফলেই টার্মিনালটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধন ও আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।