জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তবে দলটির শীর্ষ নেতাদের অনেককেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাদের প্রতিদ্বন্দ্বিতায় থাকছে বিএনপি ও জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীরা, যাদের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাব।
বিশ্লেষকরা মনে করছেন, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা যদি নির্বাচনমুখী আবেগ ও সংগঠনের শক্তি কাজে লাগাতে ব্যর্থ হন, তবে ফলাফল হতে পারে হতাশাজনক। বিশেষ করে এনসিপির শীর্ষ নেতাদের নিজ নিজ এলাকায় মাঠপর্যায়ে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন, সেটিই হবে মূল চ্যালেঞ্জ।
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “নতুন রাজনৈতিক দল হিসাবে এনসিপির শক্তি নির্ভর করছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সৎ নেতৃত্ব এবং সাংগঠনিক কার্যক্রমের উপর। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকলেই হবে না, বাস্তব ময়দানে ভোটারদের আস্থা অর্জন করতে হবে।”
এনসিপি এক নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দিলেও সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। বিশেষ করে পুরনো শক্তিশালী রাজনৈতিক দলের নেতাদের বিপক্ষে টিকে থাকা এক কঠিন বাস্তবতা। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই পরিস্কার হবে এই তরুণ নেতৃত্বের দলটি মাঠপর্যায়ে কতটা প্রস্তুত এবং কতটা গ্রহণযোগ্য।