রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বেলা ১১টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।
পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি লেখেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তাঁদের সর্বোচ্চ ত্যাগ ও দেশপ্রেমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, জাতীয় স্মৃতিসৌধ জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে বীর শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।