গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
বিশুদ্ধ পানি সরবরাহ, নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পরিবেশ উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এটি গাজীপুর সিটি করপোরেশনের ১৪তম বাজেট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানম। এ সময় সিটি করপোরেশনের সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। আয় খাতে রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ব্যয়ের মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট শেষে সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর দেশের অন্যতম সমৃদ্ধশালী ও ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল। নগরবাসীকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রদান এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, গাজীপুরকে একটি বাসযোগ্য, আধুনিক, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন বদ্ধপরিকর।
তিনি আরও জানান, এবারের বাজেটে মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ ও পুরোনো সড়ক সংস্কার, স্বাস্থ্যসেবা জোরদার এবং প্রাথমিক ও কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক জবাইখানা, কমিউনিটি সেন্টার, অটোমেটেড ট্রাফিক সিস্টেম এবং আধুনিক গণশৌচাগার নির্মাণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।