• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে উদ্ভূত গ্যাস সরবরাহ পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে উদ্ভূত গ্যাস সরবরাহ পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ
সংবাদটি শেয়ার করুন....

দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে (Floating Storage and Regasification Unit-FSRU) কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে।
আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি বিভাগের জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সরকার আমদানিনির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে ৩টি কূপ খননের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
এছাড়াও দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান জোরদারের লক্ষ্যে অনশোর ও অফশোর মডেল পিএসসির আওতায় গ্যাস উৎপাদনের জন্য দরপত্র আহ্বানের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কার্যক্রমও চলমান রয়েছে। তবে জ্বালানি অনুসন্ধান, কূপ খনন, অবকাঠামো নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করা সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের স্থায়ী সমাধান রাতারাতি সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা বাড়াতে সরকার আরো কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:
চতুর্থ এফএসআরইউ স্থাপনের জন্য দরপত্র আহ্বানের কার্যক্রম; মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া; ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইনসহ বিভিন্ন পরিবহনব্যবস্থা পর্যালোচনা; দেশীয় গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন, পুরোনো কূপের ওয়ার্কওভার ও উৎপাদন বৃদ্ধির কার্যক্রম এবং জ্বালানি আমদানির উৎস ও সরবরাহ অবকাঠামো বহুমুখীকরণ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সরকার দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এফএসআরইউটির কারিগরি সমস্যা সমাধানের সাথে সাথে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহক ও সর্বসাধারণের নিকট আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে জ্বালানি বিভাগ।