দেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার -বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার। সে লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে। বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও নির্মাতা দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে।
মন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওয়ে নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বেয়ার (BEAR) সামিট ২০২৬’ এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন।
আলোচনায় ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন এবং রপ্তানিতে ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশের তরুণরাই এ খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবনী, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে সরকার।
মন্ত্রী আরো বলেন, এ বিইএআর (BEAR) সামিট প্রমাণ করেছে যে, বাংলাদেশ একা নয়। শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পখাতের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাই এটি কেবল একটি সম্মেলন নয়; একটি আন্দোলনের সূচনা।
উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার অত্যন্ত ব্যবসা-বান্ধব। যেকোনো প্রয়োজনে সরকার পাশে আছে। ব্যবসায়িক সুযোগ তৈরি করতে এবং দেশের প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার।
অনুষ্ঠানে বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন, পারড্যু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সিলিকন রিভার বাংলাদেশের চিফ আর্কিটেক্ট প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসাইন, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।