২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল: ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, শিশুদের খাবারের পুষ্টিগুণ ও মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন।
দেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা, নিরাপদ ও বৈচিত্র্যময় খাবার গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে তিনি উন্নত ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, আধুনিক সেচব্যবস্থা, খাল খনন, পতিত জমি চাষের আওতায় আনা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা তিনজনসহ পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খানসহ অন্যরা।
ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।