• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
১৭ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা এবং প্রায় ৭০০ জনকে গুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে মাত্র ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৩০ হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন বলে জাতিসংঘের প্রতিবেদনের তথ্য উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।

মোটরসাইকেলে এসে বোমা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি, প্রশাসন ও বিরোধী দল নীরব থাকবে—এমনটি ভাবার সুযোগ নেই।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াতসহ কোনো দলের নেতাকর্মী যেন মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে তদবির না করেন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস এম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।