• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২১:০৬ অপরাহ্ণ
২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান
সংবাদটি শেয়ার করুন....

শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় ৫০০টি উপজেলার প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এ কর্মসূচি চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি জানান, আগামী ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে।

চলমান কর্মসূচিতে খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিদ্যালয়ের খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সহজলভ্য স্থানীয় শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহার, স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি এবং মায়েদের অংশগ্রহণ ও তদারকি শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াতে পারে।

রান্নার গুরুত্ব তুলে ধরে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, রান্না শুধু একটি শিল্প নয়, এটি একই সঙ্গে একটি ভাষা, বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। এর মধ্যে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। রান্নার মাধ্যমে মানুষ নিজের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটায়।

রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। পরে ডা. জুবাইদা রহমান বিজয়ী ও অন্যান্য প্রতিযোগীর সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।

রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা যাবে না। নিজস্ব দৃষ্টিভঙ্গি রান্নাকে অনন্য করে তোলে। বাংলাদেশের রান্নাকে বিশ্বদরবারে আরও পরিচিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা প্রতিষ্ঠা, শিশুদের খর্বতা ও অপুষ্টি দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় ও ক্ষতি কমানো এর অন্যতম লক্ষ্য।

বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দেশের ৬৪টি জেলা, ৫০০টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, শিশু ও তরুণদের কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূর করতে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসারের কথা উল্লেখ করেন তিনি। বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন বলে জানান।

আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতির ওপর গুরুত্ব দিতে হবে।

মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে।

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, পৃথিবীকে শূন্য ক্ষুধার লক্ষ্যের দিকে এগিয়ে নিতে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।