জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন ব্যাডমিন্টন সামগ্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:৪২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং তাদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা এবং কেউ বাদ পড়ছে কিনা, সে বিষয়ে খোঁজ নেন তিনি।
পাশাপাশি খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।