খুলনার ভৈরব নদীর জেলখানা ঘাট এলাকায় ফেরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় রাকিব খান (২৭) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মাঝামাঝি ভৈরব নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলখানা ঘাট থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজার ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সেনেরবাজার থেকে খুলনার দিকে আসা একটি ফেরির সঙ্গে মাঝনদীতে ট্রলারটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ফেরিটি থামিয়ে দেওয়া হলে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের নৌযান, স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা উদ্ধারকাজে অংশ নেন।
এদিকে, জেলখানা ঘাটে যাত্রী ওঠানামায় কোনো শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের অভিযোগ, ঘাট থেকে প্রায়ই অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলার চলাচল করে। এ ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে বলে দাবি তাঁদের।
দুর্ঘটনার পর নিখোঁজ রাকিব খানের স্বজনেরা তাঁর সন্ধানে উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁকে উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তৎপরতা চলছে।