• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, কর্মপরিধি ও সময়সীমাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, এর কর্মপরিধি কী হবে এবং কত দিনের মধ্যে সরকার গঠন করতে হবে, তা পর্যালোচনা করা হবে। এ ছাড়া সার্চ বডি বা নির্বাচন কমিটির মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া কীভাবে বিতর্কমুক্ত রাখা যায়, সেটিও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল উত্থাপনের পর বিতর্কের সময়ও বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব আসতে পারে।

বিশেষ কমিটি এখনো সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছায়নি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটি বিভিন্ন মহল থেকে নানা ধরনের পরামর্শ ও প্রস্তাব পেয়েছে। সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি ও সম্পাদকমণ্ডলীর কাছ থেকে এসব প্রস্তাব এসেছে। এ ছাড়া বিভিন্ন বৈঠকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও নানা মতামত পাওয়া গেছে।

তিনি জানান, পাওয়া সব প্রস্তাব একত্র করে বিশেষ কমিটির বৈঠকে আলোচনা করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণে পাওয়া প্রস্তাব এবং এ বিষয়ে কমিটির চিন্তাভাবনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্র করে পরবর্তী সময়ে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।