সহযোগিতা নিয়ে আলোচনায় আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ ও জার্মানির ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। সফরে তিনি রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ এবং দুই দেশের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
আজ সন্ধ্যায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশটি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের যৌথ অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী। বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিসি থেকে উত্তরণ এবং পরিবর্তিত উন্নয়ন চাহিদার প্রেক্ষাপটে প্রচলিত সহায়তা কাঠামোর বাইরে নতুন সহযোগিতার ক্ষেত্রগুলোও আলোচনায় গুরুত্ব পাবে।
সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’র অনুষ্ঠানে যোগ দেবেন কফলার। এতে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসানের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক পুনর্মিলন স্মরণে দিবসটি উদযাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকার প্রতিফলিত হচ্ছে।