রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি সাড়াদান ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীতের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতি মোকাবিলার সাড়াদান ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রশিক্ষিত জনবল, কার্যকর প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানসম্মত নির্দেশিকা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর সাড়াদান ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানসম্মত নির্দেশিকা ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা জরুরি।
শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অডিটোরিয়ামে ‘স্টেকহোল্ডার্স প্রিপারেটরি ওয়ার্কশপ ফর দ্য আইএইএ ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রিভিউ মিশন টু বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও পরিচালনার পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা এবং সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল, কার্যকর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, সম্ভাব্য ঝুঁকি এবং বাংলাদেশের ভৌগোলিক ও পরিবেশগত বাস্তবতা বিবেচনায় নিয়ে জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।
বিকিরণ পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে সচিব বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশগত অবস্থা ও বিকিরণমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া কেন্দ্রের কার্যক্রম শুরুর আগের ভিত্তিমাত্রার সঙ্গে পরবর্তী সময়ের তথ্য তুলনা করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য যাচাই করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পারমাণবিক শক্তি) আবুল খায়ের মো. আক্কাস আলী।