• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০২:০১ পূর্বাহ্ণ
নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা
সংবাদটি শেয়ার করুন....

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করে শিক্ষার্থীদের দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নিজেদের পরিবেশ পরিষ্কার রাখা এবং বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কলেজটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি দেশকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু সরকারের পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’

তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ নয়। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।

রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ক্রমেই দূষিত হচ্ছে। এর ফলে বিশেষ করে শিশুরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন- দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।