২০২৫ সালের শেষ দিনে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটের কিছু পর দেশটিতে ৬ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলের নোডা শহরের উপকূলীয় এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে বলে সংস্থাটি উল্লেখ করে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে।
ঘটনার পর সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
এর আগে চলতি ডিসেম্বরের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।