• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইরানজুড়ে বিক্ষোভের আগুন
সংবাদটি শেয়ার করুন....

ইরানজুড়ে বিক্ষোভ দ্রুত বিস্তার লাভ করছে। গত মাসে রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশটির ৩১টি প্রদেশের সবকটিতেই ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে শুধু তেহরানেই এক রাতের মধ্যে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

গত বৃহস্পতিবার রাতে আন্দোলন আরও তীব্র রূপ নেয়। এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

টাইম ম্যাগাজিন শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন বলে ওই চিকিৎসক দাবি করেন।

সাময়িকীটি উল্লেখ করেছে, এসব তথ্য নিশ্চিত হলে ধারণা করা যায় যে, ইরান সরকার বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকেও কার্যত উপেক্ষা করা হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে মরদেহগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ ছিলেন বলেও জানান তিনি।

তবে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

সূত্র: টাইমস ম্যাগাজিন

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...