• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

শারদীয় দুর্গাপূজা সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার অনন্য সেতুবন্ধন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, এ উৎসব অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক।

শারদীয় দুর্গাপূজা ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে সামাজিক বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, এ উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গোৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আবহমানকাল ধরে চলে আসা সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার একটি অনন্য সেতুবন্ধন। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের বিজয়ের বার্তাও বহন করে এ উৎসব।

পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু বলেন, দেশের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা, মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসব চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় সচেতন জনগণকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব ও শারদ মেলার উদ্বোধন করেন তিনি।

তথ্যবিবরণীতে জানানো হয়, চলতি বছর বান্দরবান জেলার সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

পরে দুর্গোৎসব উপলক্ষে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।