• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে প্রধান অতিথি জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০২:১০ পূর্বাহ্ণ
অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে প্রধান অতিথি জুবাইদা রহমান
সংবাদটি শেয়ার করুন....
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত হাড়ের ক্ষয়জনিত রোগ প্রতিরোধবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক সেমিনারটি মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সেমিনারের অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন অধ্যাপক ডা. শেখ ফরহাদ। আয়োজক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজের আয়োজন করা হবে। প্যানেল আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।
এবারের কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’। এতে বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা।
হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়। এ রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।