দুর্নীতি ও লুটপাটে ধ্বংস হয়েছে স্বাস্থ্যখাত: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি জানান, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রহমান ফাউন্ডেশন ও শক্তি’র উদ্যোগে মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। উপজেলা পর্যায়ে এমএসআর খাতের টেন্ডারের ৬০ থেকে ৭০ শতাংশ এবং জেলা পর্যায়েও বিভিন্ন টেন্ডারে লুটপাট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে স্বাস্থ্যখাতে পরিবর্তন আনতে সরকার কাজ করছে।
সরদার মোঃ সাখাওয়াত হোসেন জানান, শিগগিরই ১৬ হাজার কোটি টাকার টেন্ডার কার্যক্রম শুরু হবে। এসব কাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী দুই মাসের মধ্যে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। পাশাপাশি ১ হাজার ১৫০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়। জনগণের অর্থের অপচয় রোধ এবং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।