গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী
অতীতের অর্থনৈতিক লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান; ফেক নিউজ ও অপতথ্য রোধে আইন প্রয়োগের কথা জানালেন আন্দালিভ রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। একই সঙ্গে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতিতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তার প্রকৃত চিত্র এখনও জাতির সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকরা এখন ব্যাংক থেকে নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না। খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকিং খাত আজ সংকটের মুখে পড়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্য নির্ধারণ বা ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি আইন বহাল রাখার চেষ্টা করছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের অপসংস্কৃতি বন্ধের পাশাপাশি ফেক নিউজ প্রচারকারী এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
তিনি জানান, নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, বিজ্ঞাপনপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা রয়েছে সরকারের।
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ গ্রহণযোগ্যতা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের আতঙ্কে থাকতে হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতি বজায় রাখেনি। সংবাদমাধ্যমের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তাদের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। গোপালগঞ্জ ছাড়া সারা দেশে দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে খুব একটা সুবিধা করতে পারবে না।
ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
বিগত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমন-পীড়ন চালিয়েও শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি তৎকালীন সরকার।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, একজন মালিকের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা সীমিত করার বিষয়ে আলোচনা চলছে। অতীতে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে।
ফ্যাসিস্ট শক্তি যাতে আর কখনো ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সরকারের গঠনমূলক সমালোচনার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।