• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু-কিশোরদের সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
শিশু-কিশোরদের সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তুলতে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই যেন একসঙ্গে খেলাধুলার সুযোগ পায়, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি।

শিশুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।

এভাবে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।