• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার পর আরও যেসব দেশকে হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
ভেনেজুয়েলার পর আরও যেসব দেশকে হুমকি দিলেন ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নেওয়ার ঘটনার পর আরও কয়েকটি দেশকে একই পরিণতির হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকির তালিকায় রয়েছে মেক্সিকো, কলম্বিয়া ও কিউবা। কারও ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না জানিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মতো পরিস্থিতি এ দেশগুলোরও হতে পারে।

ট্রাম্প স্পষ্ট করে জানান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশের প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো আপস করবে না। মাদক সন্ত্রাস দমনে প্রয়োজন হলে কঠোরতম পদক্ষেপ নিতেও তিনি প্রস্তুত। মাদুরোকে গ্রেপ্তারের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, মাদক সন্ত্রাস নিয়ে ভেনেজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কার্যকর উদ্যোগ না থাকায় বড় সিদ্ধান্ত নিতে হয়েছে।

একই ইস্যুতে মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, প্রয়োজনে ওই অঞ্চলে আমেরিকার উপস্থিতি বাড়ানো হবে এবং কোনো ধরনের চাপ বা চোখরাঙানি মেনে নেওয়া হবে না। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া ও ইরান। বেইজিং জানিয়েছে, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চালানো এই অভিযান লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে অস্থিরতা বাড়াবে। রাশিয়া ও ইরানও এ পদক্ষেপকে আইনবিরুদ্ধ বলে আখ্যা দিয়েছে।

ট্রাম্পের শাসনামলে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বারবার উত্তপ্ত হয়েছে, বিশেষ করে শরণার্থী অনুপ্রবেশ ও শুল্কনীতি ঘিরে। যদিও ট্রাম্প দাবি করেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পার্ডোর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো, তবে তিনি অভিযোগ করেন, মেক্সিকো কার্যত মাদকচক্রের নিয়ন্ত্রণে। ভেনেজুয়েলায় অভিযানের ঘটনায় মেক্সিকো সরকার প্রকাশ্যে আপত্তি জানিয়েছে।

কলম্বিয়ার ক্ষেত্রেও চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে ট্রাম্প মাদক উৎপাদনের অভিযোগ তুলে বলেন, কলম্বিয়া থেকে কোকেন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবাকেও সতর্ক করেন ট্রাম্প। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলকে ‘ব্যর্থ শাসক’ আখ্যা দিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের ব্যর্থ প্রশাসনের খেসারত দিচ্ছে কিউবার জনগণ—তাদের মুক্তি প্রয়োজন।
সূত্র: অ্যাক্সিওস