• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ২০ মিনিটে লাগেজ, সেবায় সন্তুষ্ট যাত্রীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে ২০ মিনিটে লাগেজ, সেবায় সন্তুষ্ট যাত্রীরা
সংবাদটি শেয়ার করুন....
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সরকারের নেওয়া পদক্ষেপে এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং লাগেজ ব্যবস্থাপনায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। বিশেষ করে ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থা চালুর ফলে লাগেজ পেতে অপেক্ষার সময় কমেছে বলে জানিয়েছেন তাঁরা।
সোমবার সন্ধ্যায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন শেষে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের ভ্রমণ ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতার খোঁজ নেন তিনি।
মন্ত্রী বলেন, যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন। এ সেবার মান নিয়ে তিনি সন্তুষ্ট। যাত্রীরাও ভবিষ্যতে একই মানের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো এবং সেবার মান ধরে রাখার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবায় উন্নতি হয়েছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে হবে। যাত্রীসেবার মান বাড়ানো, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্য উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের সুবিধার্থে লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তা বাস্তবায়ন করা হয়েছে। এই ব্যবস্থায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত রিয়াদে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ অনুমোদন দিলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে।
যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় দেশটির সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারায় প্রবাসীদের সমস্যায় পড়তে হচ্ছে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।