সংবিধান সংশোধনে গুম প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ০২:২০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিগত ১৭ বছরে নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ পরিবারের প্রতিনিধিরা সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালীকরণ, ন্যায়বিচার নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠকে তাঁরা এসব দাবি তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
বৈঠকে গত ১৭ বছরে নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিচারব্যবস্থা শক্তিশালী করা, অগ্রাধিকার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা, গুমের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুমাম কাদের চৌধুরী, আনিছুর রহমান ও মোছাঃ তাহসিনা রুশদী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা নির্যাতনের শিকার হওয়া এবং আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো বৈঠকে তুলে ধরেন।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।