আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের তাড়া খাওয়া একটি তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিতে সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া। এতে করে উত্তর আটলান্টিকে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহনের অভিযোগ থাকা জাহাজটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। জাহাজটির আগের নাম ছিল ‘বেলা–১’, যা পরে পরিবর্তন করে রাখা হয় ‘মারিনেরা’। এটি গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনঃনিবন্ধিত হয়। একসময় ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করলেও বর্তমানে জাহাজটি খালি রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে ‘অবরোধ’ আরোপের নির্দেশ দেন, যাকে ভেনেজুয়েলা সরকার ‘চুরি’ বলে আখ্যা দেয়। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, মারিনেরার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া একটি সাবমেরিনসহ একাধিক নৌযান পাঠিয়েছে। এর আগে ক্যারিবীয় সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে বলে সন্দেহ হলে মার্কিন কোস্ট গার্ড সেটিতে ওঠার চেষ্টা করে এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি জব্দ করার জন্য পরোয়ানাও প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করেই জাহাজটি গতিপথ বদলে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার ইউরোপীয় অঞ্চলে মোতায়েন করা হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, রুশ পতাকাবাহী জাহাজটি উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে শান্তিপূর্ণভাবে চলাচল করছে। কেন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী এ জাহাজটির ওপর অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ নজরদারি চালাচ্ছে, তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয়। সিবিএস নিউজকে দেওয়া মন্তব্যে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি ডুবিয়ে না দিয়ে দখলে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। এরই মধ্যে বিবিসি ভেরিফাই রাশিয়া টুডের প্রকাশিত একটি ভিডিও বিশ্লেষণ করেছে, যা ট্যাংকারটির ভেতর থেকে ধারণ করা বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দূরে একটি জাহাজ দেখা যায়, যার অবয়ব মার্কিন কোস্ট গার্ডের লেজেন্ড শ্রেণির কাটারের সঙ্গে মিল রয়েছে। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, জাহাজ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের এআইএস ডেটা বলছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত মারিনেরা আইসল্যান্ড উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে উত্তর আটলান্টিকে অবস্থান করছিল। আগের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত দুই দিনে এটি যুক্তরাজ্যের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি