• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সকল আয়োজন সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে যারা সম্পৃক্ত ছিলেন—তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই বিদায়কে দেশের মানুষের জন্য এক ঐতিহাসিক বিদায় হিসেবে উল্লেখ করেন এবং জানান, জাতির পক্ষ থেকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সঙ্গে শেষ বিদায় সম্পন্ন হওয়ায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গভীর শোকের এই কঠিন সময়ে যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ সবাই দেখিয়েছেন, তা পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। পোস্টে সেনাবাহিনীসহ তিন বাহিনী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সাংবাদিক এবং জানাজা–দাফনের সার্বিক কাজে যুক্ত প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তারেক রহমান লিখেন, জীবনের এক গভীর বেদনাময় মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এ বিদায় শুধু আমার ব্যক্তিগত নয়, বরং জাতির পক্ষ থেকেও এক সম্মানজনক বিদায়। এ ব্যবস্থাপনা সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা, যত্ন, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে। জানাজার পুরো সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা–সদস্যরা শৃঙ্খলা রক্ষা করেছেন; একই সঙ্গে মানবিকতারও উদাহরণ রেখেছেন।

তিনি পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, এপিবিএনসহ নিরাপত্তা বাহিনীর সবার প্রশংসা করে বলেন, তাদের কারণে লাখো মানুষের উপস্থিতি সত্ত্বেও পুরো আয়োজন শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল ছিল। পাশাপাশি যাদের কাজ অনেক সময় দৃষ্টিগোচর হয় না—ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, এসএসএফ প্রধান, গৃহায়ণ ও গণপূর্ত, আইন, তথ্য, সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাও উল্লেখ করে বলেন, তাদের প্রচেষ্টায় বিদেশি প্রতিনিধিরা উপস্থিত থেকে শ্রদ্ধা জানাতে পেরেছেন, যা আন্তর্জাতিক পরিসরেও গভীর সম্মানের প্রতিফলন।

তিনি আরও বলেন, কয়েক বর্গকিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা বিশাল মানুষের ভিড়ে দায়িত্ব পালনে সাংবাদিকদের কাজ ছিল অত্যন্ত কঠিন; তারপরও দেশ-বিদেশের গণমাধ্যমের কর্মীরা নিষ্ঠা নিয়ে সংবাদ, ছবি ও ভিডিও বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন—তাদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।

অবশেষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের ব্যক্তিগত উপস্থিতি ও সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন, জাতীয় এই শোকের সময়ে সবাই যে দায়িত্ববোধ, সম্মান ও মানবিকতা দেখিয়েছেন, সেটিই ছিল সেই শক্তি, যার মাধ্যমে পরিবারসহ পুরো জাতি মর্যাদার সঙ্গে তাঁর মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। আলহামদুলিল্লাহ।