• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১৮:৩৩ অপরাহ্ণ
আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

কালির নয়, জুলাই জাতীয় সনদ রচিত হয়েছে রক্ত ও প্রাণের বিনিময়ে—এ মন্তব্য করেছেন গণভোট বিষয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, জুলাই সনদে যে ভবিষ্যৎ পথরেখা দেখানো হয়েছে, সে বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রচেষ্টায় আমরা সফল হব, সাফল্য অর্জন করব এবং অবশ্যই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিতে সক্ষম হব। শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট নিয়ে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালনকারী আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কাগজে কালো অক্ষরে ছাপা হলেও বাস্তবে তা লেখা হয়েছে রক্তের বিন্দু দিয়ে, প্রাণের বিনিময়ে। তিনি বলেন, প্রতিবার জুলাই সনদ খুললে মায়ের আর্তনাদ ও ভাইয়ের দীর্ঘশ্বাস যেন শোনা যায়, কারণ এই সনদ তৈরি হয়েছে গত ১৬ বছরের বেশি সময় ধরে গুম হয়ে যাওয়া মানুষদের পরিবার-পরিজনের হাহাকার থেকে এবং সন্তানহারা মায়েদের প্রতিদিনের অশ্রু থেকে। তিনি আরও বলেন, তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে সক্রিয় মানুষ, ছোট ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের আত্মত্যাগের বিনিময়েই এই সনদ রচিত হয়েছে। এই বাস্তবতা সামনে রেখে মানুষকে প্রশ্ন করতে হবে—রক্তে লেখা এই সনদ যে পথ দেখাচ্ছে, তার সঙ্গে আমি আছি কি না; এটিই ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এর মূল প্রশ্ন। আলী রীয়াজ বলেন, দেশের মানুষ প্রকৃতপক্ষে এই সনদের সঙ্গে রয়েছে। তিনি বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে দেওয়া হয়েছে; সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সবার রয়েছে। সকলের দায়িত্ব হচ্ছে এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দেওয়া, অংশগ্রহণ নিশ্চিত করা এবং সেভাবেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...