ইউএইতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ২৩:৪৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত ১২ জুন ইউএই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বর্তমানে তিনি ইউএই কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএইর প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর আওতায় একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেনজীর আহমেদকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ওই রেড নোটিশের ভিত্তিতেই ইউএই কর্তৃপক্ষ তাকে শনাক্ত ও গ্রেফতার করে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনসিবি ঢাকা ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রেখেছে। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা-সংক্রান্ত নথি, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব চূড়ান্ত করবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই সরকারের কাছে পাঠানো হবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এনসিবি ঢাকা ও আবুধাবির সমন্বয়ে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি বাংলাদেশ পুলিশের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচারব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।