উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার
দ্রুত অভিযানে পুলিশের সাফল্য, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত
জাহেদী আরমান
প্রকাশিত মে ১, ২০২৬, ২২:১৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজধানীর উত্তরা এলাকায় প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রী অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী (১৪) উত্তরা এলাকার একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে স্কুলের পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম (১৯) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩, তারিখ ২৩/০৪/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই তৎপর হয় পুলিশ। উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) এর তত্ত্বাবধানে উত্তরা পূর্ব থানার একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করা হয়।
গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ১ মে ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত কিশোরীকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।