বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা জানান। শোকবার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। সর্বশক্তিমান আল্লাহ তাঁর পরিবারকে এই গভীর বেদনা বহন করার শক্তি দান করুন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে উষ্ণ সাক্ষাতের স্মৃতি এখনো মনে আছে। আশা করি তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মধারা ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বের পথ দেখাবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।