গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ৫৭ হাজার ব্যানার প্রস্তুত হচ্ছে
বাসস
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
গণভোটকে কেন্দ্র করে সারা দেশে প্রচারণার জন্য প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এসব লিফলেট দেশব্যাপী বিতরণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এই গণভোটের প্রচারে ব্যানার ও লিফলেট ব্যবহার করে ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু করছে ইসি।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক শনিবার জানান, গণভোটের প্রচারের অংশ হিসেবে জনবহুল এলাকায় ১০ ফিট বাই ৪ ফিট এবং ভোটকেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের ব্যানার স্থাপন করা হবে।
তিনি বলেন, গণভোটের জন্য প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট বিজি প্রেসে মুদ্রণের কাজ চলছে। আগামী ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ও জনসমাগমস্থলে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই ৪ ফিট সাইজের প্রায় ১৫ হাজার ব্যানার এবং ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।
ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেটে উল্লেখ করা হয়েছে ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি প্রদান করিতেছেন?’ (হ্যাঁ/না)।
এতে আরও বলা হয়েছে (ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় গঠিত হবে।
(খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।
(গ) সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে উল্লিখিত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।
(ঘ) জুলাই জাতীয় সনদে উল্লেখিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। ব্যানার ও লিফলেটে শেষে হ্যাঁ অথবা না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে।