• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চব্বিশের আন্দোলন দমনে ২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে চার লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১৫:৪৫ অপরাহ্ণ
চব্বিশের আন্দোলন দমনে ২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে চার লাখ
সংবাদটি শেয়ার করুন....

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ২৮৬টি মিথ্যা মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করা হয়েছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানির দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার অভিযোগ গঠনের শুনানিতে তিনি এ কথা বলেন। দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়, যেখানে অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ঘনিষ্ঠ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয় এবং তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউশন। প্রথমেই সালমান ও আনিসুলের ব্যক্তিগত দায় তুলে ধরেন চিফ প্রসিকিউটর এবং ১৯ জুলাই ২০২৪ তারিখের একটি ফোনালাপও ট্রাইব্যুনালে শোনানো হয়। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে তারা নীতিগত সিদ্ধান্ত নেন, কারফিউ জারির প্ররোচনা দেন এবং পরবর্তীতে গণভবনের বৈঠক ও নির্দেশনার ধারাবাহিকতায় ২৮৬টি মামলা করা হয়, যাতে সাড়ে চার লাখ মানুষ আসামি হন। অভিযোগে আরও বলা হয়, তাদের প্ররোচনা ও জ্ঞাতসারে ২৩ জুলাই ও পরবর্তী সময়ে হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটে, মারণাস্ত্র ব্যবহারের জন্য উসকানির অভিযোগও উত্থাপন করা হয়। ৫ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতেও পরিকল্পনার অভিযোগ আনা হয়। এসব অপরাধ পদ্ধতিগত ও ব্যাপক মাত্রায় সংঘটিত হয়েছে উল্লেখ করে পাঁচটি অভিযোগই গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আসামিপক্ষে সময়ের আবেদন করা হলে ট্রাইব্যুনাল শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...