• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীফ হুইপের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
চীফ হুইপের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

আজ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলামের সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান মেগান বলডিন (Megan Bouldin)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্রের উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্রা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ‌্যিক সম্পর্ক, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদ ভবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সবসময় আমাদের গণতান্ত্রিক যাত্রায় পাশে থেকেছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার বাণিজ‌্যিক সম্পর্ক রয়েছে। আমাদের তৈরি পোশাক শিল্প খাতের বড় একটি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার আইটি চাকরি তৈরির যে লক্ষ্য নির্ধারণ করেছে, তাতে প্রযুক্তিতে উন্নত যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহিত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সংসদ দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার জনগণের ভাগ‌্য উন্নয়নে ফ‌্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
মোঃ নূরুল ইসলাম বলেন, সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। গণতন্ত্রের প্রতীক এই ভবনের স্থপতি লুই আই কানকে জনগণ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে। এসময় মেগান বলডিন বলেন, এটি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের একটি শক্তিশালী প্রতীক। আমেরিকান স্থাপত্যের ছাত্ররা প্রায়ই এই ভবনটি দেখার ইচ্ছা পোষণ করে, কারণ এটি লুই কানের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে পরিচিত।
প্রতিনিধি দল বাংলাদেশের শ্রম আইন সংস্কারের প্রশংসা করে এবং একে ওয়াশিংটনে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানানো হয়। আলোচনায় দুই দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্পর্কে জোর দিয়ে বলা হয় যে, বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম গণতান্ত্রিক দেশ এবং এর অর্থনৈতিক সংস্কারগুলো আমেরিকান কোম্পানিগুলোকে বিনিয়োগে আরও উৎসাহিত করবে । দুই দেশের মধ্যকার এই সম্পর্ক কেবল নথিপত্রে সীমাবদ্ধ থাকবেনা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় পৌছাবে এবং টেকসই হবে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।