ডামুড্যায় জমি দখল চেষ্টার অভিযোগ, তদন্তে অনিয়ম ও ঘুষের অভিযোগ
মোঃ ইকবাল হোসেন সরদা
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী এক ব্যক্তি অভিযোগ করেছেন, প্রভাবশালী একটি পক্ষ তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং এ ঘটনায় তদন্ত প্রক্রিয়ায়ও অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২৮ নম্বর ইকরী মৌজায় অবস্থিত বি.আর.এস. ১৬১ নম্বর খতিয়ানের ৪৪৩, ৪৪৪ ও ৪৪৬ নম্বর দাগের প্রায় ১.২৯ শতাংশ জমির মালিক ছিলেন মৃত ইব্রাহিম হাওলাদার ওরফে এলাহী বক্স। তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে জমিটি বর্তমানে তার সন্তানের দখলে রয়েছে। তিনি সেখানে বসতবাড়ি নির্মাণ এবং বিভিন্ন মূল্যবান গাছপালা রোপণ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।
ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ৩০ জুন ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সন্ত্রাসী প্রকৃতির লোকজন ও রাজমিস্ত্রী নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে গাছপালা কাটার চেষ্টা করে এবং পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়।
এসময় বাধা দিতে গেলে ভুক্তভোগীকে লাঠিসোটা নিয়ে ঘেরাও করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর ভুক্তভোগী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর মামলাটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন।
তবে ভুক্তভোগীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা কোনো নোটিশ বা আনুষ্ঠানিক অবহিতকরণ ছাড়াই একতরফাভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। আরও অভিযোগ রয়েছে, উপজেলা সার্ভেয়ার ও কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস এর ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ শরীয়তুল্লাহ অভিযুক্ত পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।