• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাকে ‘ক্লিন ও গ্রীন সিটি’ গড়তে ১২ দফা পরিকল্পনা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
ঢাকাকে ‘ক্লিন ও গ্রীন সিটি’ গড়তে ১২ দফা পরিকল্পনা প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

রাজধানী ঢাকাকে ‘ক্লিন ও গ্রীন সিটি’ হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশসম্মত করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য ‘জিরো বর্জ্য’ নিশ্চিত করা।

ঢাকা শহরের সবুজায়নে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সড়কের মিডিয়ান, দ্বীপ ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মিয়াওয়াকি পদ্ধতিতে নগর বনায়ন এবং আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণ করা হবে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, নির্মাণকাজ ও নির্মাণ সামগ্রীর কারণে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে ইটভাটা ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

পানি দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে এবং এসব স্থাপনার কার্যক্রম রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া ঢাকা মহানগরের ১৯টি প্রধান খালের দূষণের উৎস নির্ধারণ করে সেগুলো রক্ষায় পরিকল্পনা নেওয়া হয়েছে। বন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে রাস্তার মিডিয়ান, খালপাড় ও অন্যান্য এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার আওতায় ইতোমধ্যে ৪১ হাজার ৫৬৫টি গাছের চারা রোপণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।