
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের মোট ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করেন তিনি।
শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।
নির্বাচনী এলাকার পরিস্থিতি ব্যাখ্যা করে মিরপুর ক্যাম্প কমান্ডার বলেন, ভোটকেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো— সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এস এম ফুয়াদ মাসরুর বলেন, ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কেউ গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিকভাবে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে বিভ্রান্তিকর বা উসকানিমূলক সংবাদ প্রকাশ না পায়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পাশাপাশি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সেনাবাহিনীর অগ্রাধিকার। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধও জানান তিনি।