২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং ৩১ ডিসেম্বর ইংরেজি বর্ষবিদায় (থার্টি ফার্স্ট নাইট) ও নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে ঢাকা মহানগরীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এর অংশ হিসেবে রাজধানীর ৭৩টি গির্জায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি থার্টি ফার্স্ট নাইটে সড়কে গাড়ি রেসিং করলে তাৎক্ষণিকভাবে গাড়ি জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে স্বাভাবিক পরিবেশ বজায় রেখেই, যাতে অতিরিক্ত নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে। তিনি জানান, বড়দিন উপলক্ষে ঢাকার ৭৩টি চার্চে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিংয়ের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মোটর রেসিং থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, কেউ রেসিং করলে তার গাড়ি জব্দ করা হবে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, থার্টি ফার্স্ট নাইটে যেকোনো অনুষ্ঠান আয়োজনের আগে অবশ্যই পূর্বানুমোদন নিতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না এবং পটকা ও বিস্ফোরকের বেচাকেনা বন্ধে কঠোর নজরদারি থাকবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো থেকেও সবাইকে বিরত থাকতে হবে। সভায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ট্রাফিক বিভাগসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।