• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকশা লঙ্ঘনে জিরো টলারেন্স: রানাভোলায় রাজউকের অভিযানে ৭ ভবনের অবৈধ অংশ উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বারবার নোটিশ উপেক্ষা—‘সাংবাদিক’-এর ভবনেও ছাড় নয়; আইনের শাসনে কঠোর বার্তা

জাহেদী আরমান
প্রকাশিত মে ৪, ২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
নকশা লঙ্ঘনে জিরো টলারেন্স: রানাভোলায় রাজউকের অভিযানে ৭ ভবনের অবৈধ অংশ উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরার রানাভোলা তুরাগ এলাকায় অনুমোদিত নকশা ও বিধিমালা লঙ্ঘন করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তার রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

রাজউক সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে পূর্বে একাধিকবার সতর্কতামূলক নোটিশ জারি করা হয়েছিল। তবে তারা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখেন। ফলে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অথরাইজড অফিসার (জোন-১) শেখ মুহাম্মদ এহসানুল ইমামসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ডেসকো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, যাতে অভিযান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

অভিযানের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল—একজন ‘ সাংবাদিক’-এর মালিকানাধীন স্থাপনাতেও নকশা বহির্ভূত অংশে সমানভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, পেশা বা প্রভাব খাটিয়ে আইনের ঊর্ধ্বে থাকার কোনো সুযোগ নেই।

রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং নকশা লঙ্ঘনের প্রবণতা রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। নীতিমালা অমান্য করে নির্মাণ কার্যক্রম চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ৩০ এপ্রিল উত্তরার খালপাড়, ডিয়াবাড়ি এলাকাতেও নকশা বহির্ভূত ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, যা চলমান অভিযানের ধারাবাহিকতার অংশ।

ধারাবাহিক এসব অভিযানের মাধ্যমে রাজউক রাজধানীতে অনিয়মিত ও নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় এমন উদ্যোগকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।