• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের কার্যক্রম নতুন করে শুরু

বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন – নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের কার্যক্রম নতুন করে শুরু
সংবাদটি শেয়ার করুন....

ঢাকার পশ্চিম কেরাণীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন আজ টার্মিনাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে অভ্যন্তরীণ কন্টেইনার পরিবহন বৃদ্ধি এবং মাল্টিমোডাল পরিবহন সংযোগ আরো শক্তিশালী হবে। এটি দেশের বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করলো। দীর্ঘদিন লোকসানে থাকা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক ও কার্যকর করে তোলাই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি বলেন, ২২ বছরের এই কনসেশন চুক্তির মাধ্যমে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে পণ্য আনা-নেওয়ার কার্যক্রম আরো গতিশীল হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান ও স্বাগত বক্তব্য প্রদান করেন মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আনিসুল মিল্লাত।

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি গত এক দশক ধরে লোকসানের সম্মুখীন হওয়ায় সরকার বেসরকারি ব্যবস্থাপনার আওতায় এর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে স্বাক্ষরিত ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটির পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের দায়িত্ব পেয়েছে মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।