• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলকে আধুনিক নগরীতে রূপ দিতে তৎপর সরকার: দ্রুত বাস্তবায়নে জোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
পূর্বাচলকে আধুনিক নগরীতে রূপ দিতে তৎপর সরকার: দ্রুত বাস্তবায়নে জোর
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর আবাসন সংকট নিরসন এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পকে আধুনিক, বাসযোগ্য নগরীতে রূপ দিতে সরকার নতুন করে তৎপরতা জোরদার করেছে। এ লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রকল্পের সার্বিক অগ্রগতি, তদারকি এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সভায় প্রকল্পের চলমান অবকাঠামোগত উন্নয়ন, প্লট হস্তান্তর কার্যক্রম, সড়ক নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি, পাশাপাশি মসজিদ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ সামাজিক অবকাঠামো উন্নয়ন নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশসম্মত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “পূর্বাচল নতুন শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।” তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন এবং গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

সভায় রাজউক চেয়ারম্যান প্রকল্পের বর্তমান অগ্রগতি তুলে ধরে বলেন, কাজের মান নিশ্চিতের পাশাপাশি তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে রাজউক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে পূর্বাচল নতুন শহর প্রকল্প শিগগিরই দেশের অন্যতম আধুনিক নগরায়ণ মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।