প্রথমবারের মতো জারি হলো ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ১৫:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশের বনভূমি ও বৃক্ষসম্পদ সুরক্ষায় ইতিহাসে প্রথমবারের মতো ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে বনভূমির অবৈধ দখল রোধ, ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার নিয়ন্ত্রণ এবং সার্বিকভাবে বৃক্ষ সংরক্ষণের আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান ১৯২৭ সালের বন আইনে সংরক্ষিত ও রক্ষিত বন ব্যবস্থাপনার বিষয় উল্লেখ থাকলেও সংরক্ষিত এলাকার বাইরে ও গণপরিসরে থাকা বৃক্ষসম্পদ সংরক্ষণ এবং বনভূমি সুরক্ষার বিষয়ে স্পষ্ট বিধান ছিল না, পাশাপাশি বনভূমির বনবিরুদ্ধ বা ভিন্নরূপ ব্যবহারের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট আইনগত নির্দেশনা অনুপস্থিত ছিল। নতুন অধ্যাদেশ অনুযায়ী প্রাকৃতিক বন কোনোভাবেই বনবিরুদ্ধ বা বন বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না, তবে অন্যান্য বনভূমির ক্ষেত্রে কেবলমাত্র অপরিহার্য জাতীয় প্রয়োজনে এবং বিকল্প না থাকলে নিরপেক্ষ পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন, ক্ষতিপূরণমূলক বনায়ন, বাস্তুতন্ত্রের ক্ষতি ও বিপন্ন উদ্ভিদ–প্রাণীর ঝুঁকি বিবেচনা করে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে সরকার বন বহির্ভূত ব্যবহার অনুমোদন দিতে পারবে। অনুমোদন ছাড়া বনভূমির বন বহির্ভূত বা বনবিরুদ্ধ ব্যবহারের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে দুইটি পৃথক তালিকার কথা বলা হয়েছে—একটিতে সম্পূর্ণ কর্তন নিষিদ্ধ বৃক্ষ প্রজাতির নাম অন্তর্ভুক্ত থাকবে, যা কোনো অবস্থাতেই কাটা যাবে না; অন্য তালিকায় বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য প্রজাতির নাম উল্লেখ থাকবে। কর্তন নিষিদ্ধ বৃক্ষ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা এবং অনুমতি ছাড়া কর্তনযোগ্য বৃক্ষ কাটলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, পাশাপাশি উভয় ক্ষেত্রেই আদালত ক্ষতিপূরণমূলক বনায়নের অতিরিক্ত দণ্ড দিতে পারবে। কোনো বিধিবদ্ধ সংস্থা বা শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন জমির ভেতরে বিচ্ছিন্নভাবে এক একরের কম বনভূমি থাকলে জনস্বার্থ ও অপরিহার্যতার ভিত্তিতে নির্ধারিত বিধিমালার মাধ্যমে সরকারের অনুমোদনে বিনিময়ের সুযোগ রাখা হয়েছে। এ আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত বৃক্ষ প্রজাতি যেমন আগর ছাড়া অন্য কোনো বৃক্ষে পেরেক বা ধাতব বস্তু দিয়ে ক্ষতি করা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি বন অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্য এবং বন ও বৃক্ষ সংরক্ষণে সাধারণ করণীয় বিষয়গুলোও এই অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে।