প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে – স্থানীয় সরকার মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সারাদেশ থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদল সেই লক্ষ্য অর্জনে একটি কার্যকর শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে তরুণদের হাত ধরেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
এর আগে মন্ত্রী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘Roadmap on Trade Growth and Economic Diplomacy Conference’-এ বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সকল নাগরিকের মর্যাদা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই বর্তমান সরকার উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়। তিনি বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।