
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা সাড়ে ৩৮ হাজার অতিক্রম করেছে। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৬ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা যায়। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আর ২৩ নভেম্বর রাত ১২টার পর উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়ে একই সময় পর্যন্ত চলবে। নিবন্ধন চলমান দেশগুলোর তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো ডিআর, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৩৮ হাজার ৫৩৬ জন প্রবাসী। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসীরা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, আর মধ্যপ্রাচ্যের সৌদি ছাড়া অন্যান্য দেশের প্রবাসীরা ১৪ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
এছাড়া বাংলাদেশে বসবাসরত ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, কয়েদি ও অন্যান্য দেশে অবস্থানরত ভোটারদের জন্য ১৯ থেকে ২৩ ডিসেম্বর নিবন্ধনের সুযোগ থাকবে। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে, ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে, যেখানে ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি।