দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বন্ধ ও অলাভজনক সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে শিগগিরই রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি চলতি মাসের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও লোকসানগ্রস্ত কারখানাগুলোর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পুনরুদ্ধারের করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানা চালু করার পাশাপাশি অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার জন্য কার্যকর কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় জানানো হয়, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং লোকসান কমিয়ে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।