• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে প্রাণ-আরএফএল গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ২২:০৫ অপরাহ্ণ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে প্রাণ-আরএফএল গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদন খাতকে বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে সরকার। আগামীতে দেশি-বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে বন্ধ থাকা মিল চালু করা হবে। এজন্য আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।
মোঃ শরীফুল আলম আরো জানান, এখন পর্যন্ত যারা মিল লিজ নিয়েছেন, সেখানে অনেক পরিমাণে জমি পড়ে আছে, অব্যবহৃত জমিতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সাথে কর্মসংস্থান বাড়াতে হবে। এতে দেশে উৎপাদন খাত শক্তিশালী হবে -যা অর্থনীতির জন্য সহায়ক হবে। এসময় আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগ ও বন্ধ মিল চালু করার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীনে থাকা ২৫টি পাটকলের কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, এর মধ্যে ১৪টি মিল ইতোমধ্যে লিজ দেওয়া হয়েছে। চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১০০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে।