• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্রের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্রের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ওয়াকিমুলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তরুণ উদ্ভাবকের তৈরি ছোট আকৃতির যানটি ঘুরে দেখেন এবং তাতে চড়েও অভিজ্ঞতা নেন প্রধানমন্ত্রী।
যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম নিজ প্রয়োজন থেকেই এই স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন। তিনি জানান, একসময় চলাফেরায় সীমাবদ্ধতার কারণে বেশির ভাগ সময় বাসায় থাকতে হতো। স্বাধীনভাবে বাইরে চলাচলের চিন্তা থেকেই গাড়িটি তৈরির পরিকল্পনা শুরু করেন।
দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ায় ওয়াকিমুলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব সংস্করণ তৈরির পরামর্শ দেন তিনি। এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহায়তার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
ওয়াকিমুল জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তিনির্ভর আরও উন্নত স্মার্ট কার তৈরি করা সম্ভব। তাঁর মতে, এটি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নয়, বয়স্ক মানুষের চলাচলেও সহায়ক হতে পারে।
ওয়াকিমুলের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার পথ চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।