
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশি আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।
রোববার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে সৈকতকে দেখা যাওয়ার পর ক্রিকেট অঙ্গনে আলোচনা ও কৌতূহল তৈরি হয়।
বিসিবি যখন ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখন একজন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কীভাবে ভারত সফরে আছেন—এমন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে রোববার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।
ইফতেখার রহমান জানান, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনাপত্তিপত্র বা এনওসি প্রয়োজন নেই। কারণ, তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের একজন চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে, যা আইসিসির দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে শিথিল হয়।
তিনি আরও বলেন, সৈকত আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার, বিসিবির নন। বিসিবির চাকরির চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—আইসিসির কোনো দায়িত্ব থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বোর্ডের কাজ থেকে ছুটিতে থাকবেন। এ ক্ষেত্রে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার বিসিবির নেই।
চলমান বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনার পর বর্তমানে আইসিসির দায়িত্বে ভারতে অবস্থান করছেন সৈকত।
এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিবির আপত্তি থাকলেও আইসিসির নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাদের দায়িত্ব পালন প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।